ঢাকা, ০৮ সেপ্টেম্বর, ২০২৬ | ভাদ্র ২৪ ১৪৩৩
ঢাকা, ০৮ সেপ্টেম্বর, ২০২৬       
Shruhid Tea

কূটনীতিক বহিষ্কার নিয়ে হাঙ্গেরিকে ‘কঠিন জবাবের’ হুমকি রাশিয়ার

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ২১:৩৯, ৮ সেপ্টেম্বর ২০২৬

কূটনীতিক বহিষ্কার নিয়ে হাঙ্গেরিকে ‘কঠিন জবাবের’ হুমকি রাশিয়ার

হাঙ্গেরির ১০ কূটনীতিক বহিষ্কারে রাশিয়ার কড়া হুঁশিয়ার। ছবি: দ্য গার্ডিয়ান

নিজেদের দেশে কর্মরত ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে হাঙ্গেরি। এর পরপরই হাঙ্গেরি সরকারের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই হুঁশিয়ারি দেয়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক বক্তব্যে বলেন, হাঙ্গেরির এই পদক্ষেপের জবাব হবে ‘কঠিন ও বেদনাদায়ক’। 

তিনি আরও বলেন, বুদাপেস্টে রাশিয়াবিরোধী লবির তৎপরতার জবাব কঠোরভাবেই দেওয়া হবে।

এর আগে সোমবার ( ৭ সেপ্টেম্বর) হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী আনিতা অরবান জানান, রুশ কূটনীতিকদের এমন কিছু কর্মকাণ্ডের কারণে বহিষ্কার করা হয়েছে, যেগুলো তাদের কূটনৈতিক মর্যাদা ও দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

হাঙ্গেরি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর মাধ্যমে রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং মস্কোর সঙ্গে সংলাপ ও যোগাযোগ অব্যাহত রাখবে হাঙ্গেরি।

রাশিয়া ও হাঙ্গেরির মধ্যে উত্তেজনা অবশ্য এবারই প্রথম নয়। এর আগে গত মে মাসে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক রুশ কূটনীতিককে বহিষ্কার করেছিল হাঙ্গেরি সরকার।

একই মাসে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় জাকারপাতিয়া অঞ্চলে রুশ ড্রোন হামলার পর রাশিয়ার রাষ্ট্রদূত ইয়েভগেনি স্তানিসলাভভকে তলব করেছিল হাঙ্গেরি। জাকারপাতিয়া অঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক জাতিগত হাঙ্গেরীয় জনগোষ্ঠীর বসবাস রয়েছে।

১০ রুশ কূটনীতিককে বহিষ্কারের পর রাশিয়ার এই কঠোর প্রতিক্রিয়ায় মস্কো ও বুদাপেস্টের সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। সুত্র: আনাদোলু এজেন্সি

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত