ঢাকা, ১৯ জুলাই, ২০২৬ | শ্রাবণ ৩ ১৪৩৩
ঢাকা, ১৯ জুলাই, ২০২৬       
Shruhid Tea

অবসরের আগে অনারারি পদোন্নতি পাবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৮:০২, ১০ মে ২০২৬

অবসরের আগে অনারারি পদোন্নতি পাবে পুলিশ

পুলিশ সপ্তাহ-২০২৬ এ ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা’ অনুষ্ঠিত হয়। 

পদের অভাবে পদোন্নতি পরীক্ষায় পাস করলেও পদোন্নতি পান না পুলিশের সদস্যরা। এজন্য সব যোগ্যতা থাকার পরও দীর্ঘ বছর একই পদে চাকরি শেষে ফিরতে হয় বাড়িতে। এ নিয়ে দশকের পর দশক ধরে নিম্নস্তরের পুলিশ সদস্যরা ভুগছিলেন মনোকষ্টে। এবার সেই কষ্ট দূর করতে উদ্যোগী হয়েছে সরকার।

পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায়’ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঘোষণা দিয়েছেন, বিশেষ নীতিমালা ও সন্তোষজনক চাকরির রেকর্ড বিবেচনায় অবসরকালীন সময়ে কনস্টেবল থেকে উপপরিদর্শক (এসআই) পর্যন্ত সদস্যরা অনারারি পদোন্নতি পাবেন।

আজ রোববার থেকে শুরু হওয়া পুলিশ সপ্তাহ-২০২৬ এ রাজারবাগে পুলিশ অডিটরিয়ামে ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা’ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে অনেক পুলিশ কনস্টেবলরা ৪০ বছর চাকরি করে অবসর গ্রহণ করেও পরবর্তী পদোন্নতি পান না। সেজন্য বিশেষ নীতিমালা ও সন্তোষজনক চাকরির রেকর্ড বিবেচনায় অবসরকালীন সময়ে কিছুসংখ্যক পুলিশ সদস্যকে অনারারি পদোন্নতি দেওয়া হবে।


তিনি বলেন, কনস্টেবল থেকে অনারারি সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে, সহকারী উপপরিদর্শক (এএসআই) থেকে অনারারি উপপরিদর্শক (এসআই) পদে এবং উপপরিদর্শক (এসআই) থেকে অনারারি পরিদর্শক (ইন্সপেক্টর) পদে এই পদোন্নতি দেয়া হবে।

সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের আর্থিক সংগতি ও সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবি পূরণ করা হবে।

এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন। তিনি পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল, দৃষ্টিনন্দন ও বর্ণিল প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করবেন। পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক ভাষণ দেন। পরে তিনি ঊর্ধ্বতন পুলিশ সদস্যদের নিয়ে পুলিশ অডিটরিয়ামে কল্যাণ সভায় যোগ দেন।

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’- প্রতিপাদ্য নিয়ে এবারের পুলিশ সপ্তাহ শুরু হয়েছে। আগামী ১৩ মে নানা কর্ম অধিবেশনের মধ্য দিয়ে এই আয়োজন শেষ হবে। পুলিশ সপ্তাহের বিভিন্ন কর্ম অধিবেশনে বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করে পরবর্তী বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত