ঢাকা, ১৯ জুলাই, ২০২৬ | শ্রাবণ ৩ ১৪৩৩
ঢাকা, ১৯ জুলাই, ২০২৬       
Shruhid Tea

ফরিদপুরে তিনদিন ব্যাপী ভুমি সেবা মেলা শুরু

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:২৭, ১৯ মে ২০২৬

ফরিদপুরে তিনদিন ব্যাপী ভুমি সেবা মেলা শুরু

ছবি- বঙ্গবাণী

'জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ' প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে তিন দিন ব্যাপি ভুমি সেবা মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৯) মে সকাল সোয়া দশটার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলা উদ্ভোদন করেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

এরপর জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসকের নেত্রীত্বে একটি র্যালি বের হয়ে শহরের কোর্ট কম্পাউন্ডের সামনের সড়ক প্রদক্ষিণ করে মেলায় যোগ দেয়। এসময় অতিথিরা মেলার স্টল গুলো পরিদর্শন করেন। এসময় নামজারিতে সারাদেশে মধ্যে ফরিদপুর জেলা প্রথম স্থান অধিকার করেছে বলে জানান সদর উপজেলা ভুমি কর্মকর্তা (সহকারী কমিশনার ভুমি) মোঃ শফিকুল ইসলাম।

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়। এ সেমিনারের বিষয় ছিল ‘Automated Land Management System: The Changes, Development and Way Forward’। সেমিনারে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

এর আগে রাজধানী ঢাকা থেকে ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও সেমিনারে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলা প্রশাসক।

এরপর ভুমিসেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিন্টু বিশ্বাস, ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, সদর উপজেলা ভুমি কর্মকর্তা (সহকারী কমিশনার ভূমি) শফিকুল ইসলাম, জোনাল সেটেলমেন্ট অফিসার মো. নজরুল ইসলাম এবং ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র তাওহিদ আলম ওশান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক এবং বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, সহজ ও জনবান্ধব করতে সরকার অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা চালু করেছে। এর ফলে সাধারণ মানুষ দ্রুত ও হয়রানি মুক্তভাবে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা পাচ্ছেন।

বক্তারা আরও বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমি সংক্রান্ত জটিলতা কমে আসছে এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। বর্তমানে ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান অনলাইনের মাধ্যমে করা যাচ্ছে, ফলে মানুষ ঘরে বসেই কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন।

জেলা প্রশাসন ফরিদপুর এর আয়োজনে এ মেলায় সহযোগিতায় রয়েছে ভূমি মন্ত্রণালয়। মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদানের লক্ষ্যে একাধিক সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, অনলাইন ভূমি সেবা ও ভূমি বিষয়ক পরামর্শসহ নানা ধরনের সেবা প্রদান করা হচ্ছে। আগামী ২১ মে পর্যন্ত চলবে এই ভূমি সেবা মেলা।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত