ঢাকা, ০৭ আগস্ট, ২০২৬ | শ্রাবণ ২৩ ১৪৩৩
ঢাকা, ০৭ আগস্ট, ২০২৬       
Shruhid Tea

ভুট্টা ক্ষেতে মিললো বিএনপি নেতার পিতার মরদেহ

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৭:৪৫, ২৯ এপ্রিল ২০২৫

ভুট্টা ক্ষেতে মিললো বিএনপি নেতার পিতার মরদেহ

ছবি-সংগৃহীত

ফরিদপুরে নিখোঁজের দুদিন পর ভুট্টা ক্ষেত থেকে বিএনপি নেতার পিতার মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ দুপুরে জেলার মধুখালী উপজেলা কৃষক দলের সদস্য সচিব তানভির আহমেদ শিমুলের বাবা মাদরাসা শিক্ষক শেখ আল আজাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ষাট ঊর্ধ্ব শেখ আল আজাদ মধুখালী উপজেলার চরবামনদী ইয়াছিন দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ও ওই এলাকার বাসিন্দা। 

মঙ্গলবার বেলা দেড়টার দিকে হত্যাকারীর দেখানো তথ্য মতে জেলার মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের কাঠুরাকান্দি গ্রামের ভুট্টাক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল সকালে বাড়ি থেকে মাদরাসায় যায়। দুপুরে ক্লাস শেষে মাদরাসা থেকে বের হলেও বাড়ি ফিরে না আসায় রাতে মধুখালী থানায় নিখোঁজের সাধারণ ডায়রি করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সাহায্যে চরবামনদী গ্রামের যুবক রাসেল মোল্লাকে আটক করে পুলিশ। 

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম নুরুজ্জামান বলেন, মাদরাসা শিক্ষক নিখোঁজের ঘটনা তদন্ত করে সন্দেহাতীভাবে আমরা রাসেল মোল্লা নামের যুবককে আটক করি। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রাসেল হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং লাশ গুমের তথ্য দেয়। পরে তার দেওয়া তথ্য মতে আজ দুপুরে জাহাপুর এলাকার কাঠুরাকান্দি গ্রামের ভু্ট্টাক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ জানতে পুলিশ কাজ করছে।

এর আগে গতকাল এক ফেসবুক পোষ্টে কৃষক দলের সদস্য সচিব তানভির আহমেদ শিমুল জানিয়েছিলেন, আমার পিতা শেখ আল কালাম আজাদ মাষ্টার। গতকাল ২৭-০৪-২৫ রবিবার আনুমানিক সন্ধ্যা ৬ ঘটিকায় বিল‌আড়ালিয়া বাজার থেকে নিখোঁজ হয়েছে। কোন হৃদয়বান ব্যক্তির সন্ধানে আসলে, দয়া করে আমাকে আমার পরিবারকে জানাবেন। আজ দুপুরের দিকে শিমুল জানায় যে, তার বাবাকে হত্যা করা হয়েছে। #

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত