ঢাকা, ০৮ সেপ্টেম্বর, ২০২৬ | ভাদ্র ২৪ ১৪৩৩
ঢাকা, ০৮ সেপ্টেম্বর, ২০২৬       
Shruhid Tea

ইতালিতে বাঁধনের ওপর হামলাকারীদের শাস্তি নিশ্চিত করা হবে

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ২১:০৯, ৮ সেপ্টেম্বর ২০২৬

ইতালিতে বাঁধনের ওপর হামলাকারীদের শাস্তি নিশ্চিত করা হবে

আজমেরী হক বাঁধন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের একজন ‘জুলাই যোদ্ধার’ ওপর হামলা মানেই বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ওপর হামলা। এই অপরাধের সঙ্গে জড়িতদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের পরিচালনায় সংসদ সদস্যের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ কথা বলেন।

সংসদে এটিই ছিল তার প্রথম বক্তব্য, যেখানে তিনি শুরুতেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে প্রাণোৎসর্গকারী ও আহত সব জুলাই যোদ্ধাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।


শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করা সরকারি ও বিরোধী দলের সদস্যদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ইতালির ভেনিস শহরে সংঘটিত এই হামলা কোনো সাধারণ ঘটনা নয়। দেশের একজন প্রথিতযশা অভিনেত্রী এবং জুলাই আন্দোলনের একজন বীর যোদ্ধার ওপর এই হামলা অত্যন্ত নিন্দনীয় ও বর্বর।


উল্লেখ, ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে বর্তমানে ইতালির মেস্ত্রে শহরে অবস্থান করছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। স্থানীয় সময় ৭ সেপ্টেম্বর রাতে মেস্ত্রে শহরের একটি পার্কে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে হাঁটছিলেন তিনি। এ সময় আওয়ামী লীগের কিছু কর্মী-সমর্থক তাদের ওপর হামলা এবং হেনস্তা চালায়।

সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘একজন জুলাই যোদ্ধার ওপর হামলা মানেই এই দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ওপর হামলা।’

এই ঘটনার পর সকালেই ইতালীয় পুলিশ কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে ঘটনাটি অবহিত করতে পররাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছেন বলে সংসদকে জানান প্রতিমন্ত্রী।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভেনিস ও মেস্ত্রে শহরের স্থানীয় পুলিশকে এ হামলার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানানো হয়, যার পরিপ্রেক্ষিতে তারা দ্রুত সাড়া দিয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির সংসদকে আরও জানান, রোমে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস এবং মিলানের কনস্যুলেট জেনারেল সার্বক্ষণিক বাঁধনের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন এবং তাকে সর্বোচ্চ কনস্যুলার সহায়তা প্রদান করছেন।

অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতোমধ্যেই এ হামলার ঘটনায় ইতালীয় পুলিশ এবং বাংলাদেশ দূতাবাসে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। বাংলাদেশ দূতাবাস ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অত্যন্ত জোরালোভাবে এই বর্বরোচিত ঘটনার প্রতিবাদ জানাবে বলেও উল্লেখ করেন হুমায়ুন কবির।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশের বর্তমান দৃঢ় অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, জনগণের বিপুল ভোটে নির্বাচিত সরকার দেশের সম্পদ লুণ্ঠনকারী এবং বিদেশে বসে অপকর্মে লিপ্ত থাকা ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ ব্যবস্থা ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।

আর মাত্র কয়েক ঘণ্টা পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্ব গ্রহণ করছে উল্লেখ করে তিনি স্পষ্ট জানিয়ে দেন, বাংলাদেশ এখন কোনো দেশের দাসত্ব বা গোলামি করবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সম্পূর্ণ নিজস্ব গতিতে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান সুদৃঢ় করবে।

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত